টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা জিতু কমলকে ঘিরে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। সম্প্রতি শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার…’। এই মেগা শেষ হওয়ার পর থেকেই টেলিপাড়ায় জোর গুঞ্জন, এবার নাকি দীর্ঘ সময়ের জন্য ছোটপর্দা থেকে দূরে থাকবেন অভিনেতা। সেই জল্পনার মাঝেই এক সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন জিতু। অভিনেতা স্পষ্ট বলেন, “এখন তো ফিরব না বলে ঠিক করেছি।” তাঁর এই মন্তব্য সামনে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ বহুদিন ধরেই বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। তবে আপাতত নিজেকে মেগার বাইরে রাখতেই চাইছেন অভিনেতা। যদিও ভবিষ্যতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।
জিতু জানান, দর্শকদের কাছ থেকে এখনও ছোটপর্দায় ফেরার জন্য নিয়মিত অনুরোধ পান। অভিনেতার কথায়, “আমার কাছে বহু মানুষের অনুরোধ আসে, যাঁরা জিতু কমলকে তৈরি করেছেন।” তবে তিনি সেই আবেগকে আলাদা গুরুত্ব দিয়েই দেখেন। জিতু আরও বলেন, “আমি তাঁদের অনুরোধকে অনুরোধ হিসেবে নিই না। কখনও যদি ফেরার কথা মনে করি, সবাই জানতেই পারবেন।” একই সঙ্গে ছোটপর্দার অভিজ্ঞতা নিয়ে খানিক আক্ষেপের সুরও শোনা যায় তাঁর গলায়। অভিনেতা বলেন, “তাছাড়া, এত যন্ত্রণা, এত ব্যথা…, থাক না হয় সেসব কথা।” এই মন্তব্য ঘিরেই এখন নতুন করে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকেই মনে করছেন, ধারাবাহিকের সেটে ঘটে যাওয়া নানা বিতর্কই তাঁর এই সিদ্ধান্তের অন্যতম কারণ।
বিশেষ করে ‘চিরদিনই তুমি যে আমার…’ ধারাবাহিক চলাকালীন একাধিকবার সহ অভিনেত্রীদের সঙ্গে জিতুর সম্পর্ক নিয়ে নানা খবর সামনে আসে। প্রথমদিকে এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন দিতিপ্রিয়া রায়। পরে শোনা যায়, কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে আপত্তি জানিয়ে নাকি ধারাবাহিক ছেড়েছিলেন দিতিপ্রিয়া। এরপর নতুন অভিনেত্রী পায়েল দেবের সঙ্গেও জিতুর সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। ধারাবাহিকে পরে শিরিন পাল যোগ দেওয়ার পরেও একই ধরনের জল্পনা ছড়ায়। যদিও পরবর্তীতে শিরিন নিজেই জানান, তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই। সব ঠিকঠাকই রয়েছে। তবে এত বিতর্কের মাঝেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন জিতু।
এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “এক সময় মনে হয়েছিল আমি তো যেটা করতে এসেছি, সেটা করছি না। এসব কী হচ্ছে?” তিনি আরও জানান, কিছু মাস সহ অভিনেত্রীর সঙ্গে খুব ভালোভাবেই কাজ করেছেন। তারপরেও নানা গুঞ্জন ছড়িয়েছে। জিতুর কথায়, “তবুও অনেক গুঞ্জন ছড়িয়েছে। এগুলো আমি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করি।” তিনি মনে করেন, কাজের জায়গায় মতের অমিল বা মনোমালিন্য হওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখা ঠিক নয়। অভিনেতার মতে, মানুষের সামনে যেটুকু আসে, তার বাইরেও অনেক বাস্তবতা থাকে। তাই সব বিতর্ককে তিনি গুরুত্ব দিয়ে দেখেন না বলেই জানান। বরং নিজের কাজের উপরই বেশি ফোকাস রাখতে চান তিনি।
আরও পড়ুন : সদ্য বিয়ে, তার মধ্যেই জীবনে তৃতীয় ব্যক্তি ঘিরে সংসারে অশান্তি! টলিপাড়ার জনপ্রিয় জুটির দাম্পত্যে কার জন্য ফাটল?
সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও লড়াই নিয়েও কথা বলেন জিতু। অভিনেতার কথায়, “আমার ব্যাক সাপোর্ট নেই, আমার বাবা তো অমিতাভ বচ্চন, দীলিপ কুমার নন, সাধারণ মানুষ।” তিনি জানান, সাধারণ পরিবারের ছেলে হিসেবেই বড় হয়েছেন। তাঁর বাবা তাঁকে ভালোভাবে মানুষ করেছেন, ভালো খাইয়েছেন, ঘুরতে নিয়ে গিয়েছেন। সেই কারণেই হয়তো অনেকের কাছে তাঁকে সহজ টার্গেট বলে মনে হয়। জিতু বলেন, “তাই হয়তো গান পয়েন্টে আমায় রাখাটা খুব সহজ মনে হয় অনেকের।” তবে নিজের কাজের জায়গা থেকেই তিনি শক্তি পান বলেও জানান অভিনেতা। তাঁর কথায়, “আমার টেকনিশিয়ানরা আমায় খুব ভালোবাসেন।” পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেন, “কাজের জায়গায় মনোমালিন্য হতেই থাকে। কিন্তু সেটা ব্যক্তিগত নয়।”
